ভোলার চরফ্যাশনে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (আনুমানিক ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দা সোলেমান ফরাজির পুকুরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি ওই ব্যক্তিকে এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন তারা।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির ঢাকা পোস্টকে বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এক থেকে দুই দিন আগে তার মৃত্যু হতে পারে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং এ ঘটনায় কেউ কোনো অভিযোগও করেননি। আইনি প্রক্রিয়া শেষে মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
মো.খাইরুল ইসলাম/এমএমবি
