বিজ্ঞাপন

মাগুরায় শিশুকে ৫০ টাকার প্রলোভনে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরায় শিশুকে ৫০ টাকার প্রলোভনে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদ কমিটির সাবেক সভাপতি আলী আকবর জোয়ারদারের (৫৮) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া। এর আগে বুধবার বিকেলে উপজেলার ঘাসিয়ারা বেপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার অভিযুক্ত আলী আকবর জোয়ারদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকেলে শিশুটি ঘাসিয়ারা বেপারীপাড়া জামে মসজিদের মাঠে খেলছিল। এ সময় স্থানীয় বাসিন্দা আলী আকবর জোয়ারদার তাকে ৫০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি সেখান থেকে বের হয়ে এলে স্থানীয় লোকজন তার আচরণে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি ঘটনার বিস্তারিত জানায়।

একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে সালিশ বৈঠকের উদ্যোগ নেন। পরে নাকোল পুলিশ ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেন, আলী আকবর এর আগেও আমার বড় মেয়ের সঙ্গেও একই ধরনের অপকর্মের চেষ্টা করেছিলেন। তখন ভয়ভীতি প্রদর্শনের কারণে বিষয়টি প্রকাশ করতে পারিনি। আমি  এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত আলী আকবর জোয়ারদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

তাছিন জামান/এসএইচএ