ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে পোস্ট করার একদিন পর সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বাশিল এলাকার বিত্তাগুন খালের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাব্বির আহাম্মেদ ভালুকা সদর ইউনিয়নের বাঁশিল নয়াপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে সাব্বিরের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছে লালিত-পালিত হয়ে বড় হন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন সাব্বির। তিনি লিখেন, ‘আমার আইডিটা সারা জীবনের জন্য অফলাইন থাকবে আর কোনোদিন অনলাইনে আসা হবে না। সবাই ভাল থাকবেন। কাউকে কখনও কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিয়েন। আমি জানি না আমি কার কাছে কেমন, হয়তো বা কারো কাছে ভালো কারো কাছে খারাপ। সবাই আমাকে মাফ করে দিয়েন, বিদায় পৃথিবী।’

ওই পোস্টের পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বিত্তাগুন ব্রিজের নিচের খালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন বলেন, অর্ধগলিত অবস্থায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাখাওয়াত সুমন/এসএইচএ
