রংপুরের কাউনিয়ায় বাড়িতে একা পেয়ে প্রতিবন্ধী ভাতিজিকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চাচা রাজু মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজু মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস পাটোয়ারীটারী এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগীর সম্পর্কে চাচা (বাবার বড় ভাই)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ বছর বয়সের ভুক্তভোগী মেয়েটি স্পষ্টভাবে কথা বলতে পারে না, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে বাড়িতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার আপন চাচা রাজু মিয়া। সে সময় বাড়িতে কেউ ছিল না। মেয়েটির বাবা বাইরে কাজে গিয়েছিলেন এবং মা মাঠে পাতা কুড়াচ্ছিলেন।
ঘটনার পর মেয়েটির মা বাড়িতে আসলে সবকিছু বলে দেয় সে। ঘটনা জানাজানি হলে মেয়েটির স্বজন ও প্রতিবেশীরা রাজু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে রাজু মিয়াকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শিয়াব উদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে তার আপন বড়ভাই রাজু মিয়াকে আসামি করে মামলা দায়ের করেছেন। আজ শুক্রবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ভিকটিম সার্পোট সেন্টারে পাঠানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, কাউনিয়া থানায় ভাতিজি ধর্ষণ মামলায় গ্রেপ্তার অভিযুক্ত আপন চাচা রাজু মিয়াকে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ
