বিজ্ঞাপন

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদে থাকবে না : রিজভী

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদে থাকবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদে থাকতে পারবে না। পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা সফল হবে না। এতে অন্যের ক্ষতির পাশাপাশি নিজেরাও বিপদের মুখে পড়বেন।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে আত্মনিয়ন্ত্রণ বা সেলফ-সেন্সরশিপ ছিল, এখন তা নেই। তবে কারও চরিত্রহনন, মিথ্যা অপপ্রচার বা কলঙ্ক লেপনের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। মানুষ কখনো দ্বিমুখী আচরণ পছন্দ করে না। বিরোধী দলের সমালোচনা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা সমাজে ঘৃণার পরিবেশ তৈরি করে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে সংঘাতের পরিবেশ সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক হবে না। আপনারা মনে করছেন বিএনপির ক্ষতি করছেন, অথচ নিজেদের জন্যই সংকট তৈরি করছেন।

সরকারের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একসময় ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা পাটে আগুন দিয়েছিলেন। এখন পাটের দাম ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায় পৌঁছেছে, ফলে কৃষকের মুখে হাসি ফিরেছে। গত কয়েক মাসে চাল, পেঁয়াজ, রসুন ও আদার দামও বাড়েনি।

তিনি আরও বলেন, এখন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শেয়ারবাজার লুট বা অর্থ পাচারের অভিযোগ শোনা যায় না। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে রিজভী বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে নজরুলের বিচরণ নেই। সমাজে যতদিন অন্যায়, অবিচার, নির্যাতন ও নিপীড়ন থাকবে, ততদিন নজরুল প্রাসঙ্গিক থাকবেন। স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলের সাহিত্য ও গান ছিল সবচেয়ে বড় প্রেরণা।

সভায় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কাজী নজরুল ইসলামের আদর্শ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল। সেই চেতনা ধারণ করে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান প্রতিহত করতে হবে।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান/এমএমবি