টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে শুকুর আলী (২৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা এলাকায় রোড অপারেশনাল ইউনিট নামের নির্মাণাধীন একটি সরকারি প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
এসময় ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। ডাকাতদের প্রহারে আহত হয়েছে প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী খোকন শেখ।
নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়, বেলা ২টার দিকে পিকআপযোগে ৬ থেকে ৭ জনের ডাকাতদল ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তা প্রহরী খোকন শেখ বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা নিরাপত্তা প্রহরীকে মারধর করেন। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শুকুর আলীকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ৫ থেকে ৬ জন ডাকাত পিকআপ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পরে নিরাপত্তা প্রহরী খোকন শেখকে স্থানীয়রা জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুকুর আলী ওই প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছেন। তার নামে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে। ঘটনাটি ডাকাতি কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে।
আরিফুল ইসলাম/এসএইচএ
