বিজ্ঞাপন

ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপ, শেষ পর্যন্ত নিভে গেল ২ ভাইয়ের জীবন

ছোট ভাইকে বাঁচাতে ঝাঁপ, শেষ পর্যন্ত নিভে গেল ২ ভাইয়ের জীবন

ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যায়। শুক্রবার (৩১ জুলাই) বেলা পৌনে ১০টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধোয়ার জন্য পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই জোবায়েদও পানিতে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা দুই শিশুকে খুঁজতে থাকলে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে দুই ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মসজিদসংলগ্ন কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব বলেন, দুপুরে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সাখাওয়াত সুমন/এসএইচএ