খুলনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, একটি মোটরসাইকেলে চালকসহ দুই নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোহাম্মদ মিলন/এনটি
