সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে একাধিক বক্তব্য দিয়েছেন দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে তিনি হামলার জন্য ইশরাককে দায়ী করেন এবং জানান, হামলার জন্য তিনি কোনো আইনি ব্যবস্থা নেবেন না। এ সময় তিনি বলেন, ইটটা যদি হাতে না লেগে মাথায় লাগত, তাহলে আমি এতক্ষণ জীবিত থাকতাম না।
শুক্রবার (৩১ জুলাই) রাতে হামলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেখেন আমার হাতে ইটটা অনেক জোরে আইসা লাগে এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল, সে অনেক রক্তাক্ত হয়েছে। ওইটার পরে আবারই আমার কাছে এসেছে, গাড়িতে ইটটা এখনো আছে। আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলব, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। এবং এই ভুলের কাফফারা আপনাকে দিতে হবে।
এ সময় তিনি বলেন, আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফফারা দিয়ে তিনি এখন দিল্লিতে আছেন, আমি আপনাকে(তারেক রহমানকে) অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনাকে এটার কাফফারা দিতে হবে। তিনি বলেন, আমাদের জীবন যে আপনার শাসনামলে নিরাপদ না আজকে তার বাস্তবায়ন হলো। ইটটা যদি হাতে না লেগে মাথায় লাগত, তাহলে আমি এতক্ষণ জীবিত থাকতাম না। আশা করি রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে। এবং আজকে থেকে আপনার ক্ষমতা পতন শুরু, ইনশাল্লাহ।
হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরে প্রোগ্রাম শেষ করেছি, প্রোগ্রাম শেষ করে ২-৩ মিনিট গাড়ি চলার পরেই হামলা হয়ে। পুলিশ প্রোটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, পুলিশের দোষ দিব না। কিন্তু আজকে যখন ইশরাক রাজপথে উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তো আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরেই অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে আমার উপরে। ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও।
আইনি ব্যবস্থা নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না।
তিনি আরও বলেন, সিলেটে এই পর্যন্ত আমাদের ৫টা গাড়ি ভাঙা হয়েছে। আমার রক্ত রেড লাইন ছিল, তারেক রহমান। কড়ায় গন্ডায় এই রক্তের প্রতিশোধ বুঝে নিবো আপনার কাছ থেকে ইনশাল্লাহ।
মাসুদ আহমদ রনি/ এনটি
