ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আড়াই বছর বয়সী আফফান মেহেদী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফফান মেহেদী উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর জঙ্গলঘোনা গ্রামের প্রবাসী মো. আরিফ হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আফফানের মা বিলকিস আক্তার তাকে নিয়ে পশ্চিম সাহেবনগর গ্রামে বাবা রিটু মিয়ার বাড়িতে বেড়াতে যান। দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. দেবাশীষ ভৌমিক বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তারেক চৌধুরী/এনটি
