বিজ্ঞাপন

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামে অপর এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পৌরসভার চিলারবাগ এলাকায় বিজয় স্তম্ভ সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগ এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আহত রোজা সম্পর্কে আয়ানের খালা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা তা না শুনে পানিতে গোসল ও খেলাধুলা করতে থাকে।

একপর্যায়ে শান্তা বাড়ি ফিরে এলেও আয়ান ও রোজা পুকুরে থেকে যায়। পরে তারা পানিতে তলিয়ে গেলে বিষয়টি কেউ বুঝতে পারেনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, তারা পুকুরে গোসল করতে গিয়েছিল।

এরপর স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রোজা সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মো.মীমরাজ হোসেন/এনটি 

বিজ্ঞাপন