বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় রোহিত মণ্ডল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহিত মণ্ডল গোপালগঞ্জ জেলার পুরাতন বাজার রোড এলাকার প্রফেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৯-৪৫৯৬) অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় (গোপালগঞ্জ হ-১২-১৪৬৩)।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মণ্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ হোসেন/এমএন
