বিজ্ঞাপন

ছেলের সঙ্গে বাড়িতে ফেরার পথে নিখোঁজ, ব্রহ্মপুত্র নদে মিলল বাবার মরদেহ

ছেলের সঙ্গে বাড়িতে ফেরার পথে নিখোঁজ, ব্রহ্মপুত্র নদে মিলল বাবার মরদেহ

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদ থেকে নূর নবী পাটোয়ারী (৭০) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন আগে ছেলে পুলিশ সদস্য মো. মকবুল হোসেনের হাতছাড়া হয়ে নিখোঁজ হন। শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে নগরীর গোদারাঘাট পাওয়ার স্টেশন সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নূর নবী পাটোয়ারী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুণ্ডল বালিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মো. মকবুল হোসেন কিশোরগঞ্জে পুলিশের ডিএসবিতে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে বাবাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন মকবুল হোসেন। পথে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় বাস থেকে নামেন তারা। পরে বাবাকে সেখানে দাঁড় করিয়ে রেখে একটি সিএনজিচালিত অটোরিকশা আনতে যান মকবুল। তবে অটোরিকশা নিয়ে ফিরে এসে দেখেন, তার বাবা সেখানে নেই।

পরিবারের সদস্যরা জানান, নূর নবী পাটোয়ারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিজের নাম-ঠিকানাও বলতে পারতেন না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছেলে।

নিখোঁজ হওয়ার দুই দিন পর শনিবার বিকেলে শম্ভুগঞ্জ গোদারাঘাট পাওয়ার স্টেশন এলাকার ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের অপর ছেলে রাকিবুল ইসলাম, যিনি ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও গুরুতর অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পেছনে কারও কোনো হাত বা সন্দেহ নেই। আমরা কোনো মামলা করতে চাই না। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য থানায় লিখিত আবেদন করেছি।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনার পর নিহতের ছেলে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছিলেন। পরে ব্রহ্মপুত্র নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাখাওয়াত সুমন/আরএআর

বিজ্ঞাপন