‘বাবাকে বাঁচাতে নিজের চিকিৎসা বন্ধ করে সংসারের হাল ধরেছে হৃদয়’— শিরোনামে গত ২৯ জুলাই ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কিশোর হৃদয় শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎমন্ত্রীর একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌদুয়ার গ্রামে হৃদয় শেখের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
বিদ্যুৎমন্ত্রীর পক্ষে তার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস নগদ ৪০ হাজার টাকা ঋণ পরিশোধের জন্য এবং চিকিৎসা সহায়তা হিসেবে আরও ১০ হাজার টাকা প্রদান করেন। মোট ৫০ হাজার টাকার এই সহায়তা পেয়ে স্বস্তি ফিরে এসেছে পরিবারটিতে।
বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, বিভিন্ন গণমাধ্যমে হৃদয় শেখের পরিবারের দুর্দশার খবর মন্ত্রীর নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি পরিবারের ৪০ হাজার টাকার ঋণ পরিশোধ এবং চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে।

ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে হৃদয় শেখ বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমার বিষয়টি টুকু ভাইয়ের নজরে এসেছে। তিনি আমাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন। চিকিৎসার জন্যও টাকা দিয়েছেন। আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ১৬ বছর বয়সী হৃদয় শেখ দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে কিডনি রোগে আক্রান্ত বাবার চিকিৎসা, পরিবারের ভরণপোষণ এবং ছোট ভাই-বোনের দায়িত্ব পালন করে আসছে। নিজেও কিডনি সমস্যায় ভুগলেও অভাবের কারণে নিজের চিকিৎসা বন্ধ রেখে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। তার সংগ্রামের গল্প গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে।
মো. নাজমুল হাসান/এমএমবি
