বিজ্ঞাপন

ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ

ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ হয়েছে।

শনিবার (১ আগষ্ট) রাত নয়টার দিকে কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে আরও দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ মুল অভিযুক্ত ছোট ভাই হেলালসহ তিনজনকে আটক করেছে।

নিহত নুর ইসলাম মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতেই নুর ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার ভাই হেলালের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হেলাল দেশীয় অস্ত্র নিয়ে নুর ইসলামের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলাম মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া আড়াই’শ শয্যার জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে জানা গেছে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।

রবিউল আলম ইভান/এমটিআই

বিজ্ঞাপন