বিজ্ঞাপন

গাইবান্ধার সংকীর্তন অনুষ্ঠানে পাওয়া যায়

হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিলেন মুসলিম শিশুকে

হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিলেন মুসলিম শিশুকে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠানস্থল এলাকায় পাওয়া সেই শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শিশুটি মুসলিম পরিবারের।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার পৌর শহরের আরজী খুলশী ব্রিজপাড়া এলাকার স্থানীয় লোকজন শিশুটিকে একা পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশে খবর দেয়।

আড়াই বছর বয়সী শিশুটির নাম মোছা. সানজিদা আক্তার মিথিলা। মিথিলা একই উপজেলার গোয়ালপাড়া (পারগয়ড়া) গ্রামের মতিন মিয়ার মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, ছোট্ট শিশুটিকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে। শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে তারা গোবিন্দগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করেছিলেন।

প্রসঙ্গত: উপজেলার কুঠিবাড়ি (পোস্ট অফিসের পিছনে) আরজী খুলশী ব্রিজপাড়া এলাকায় তিনদিন ব্যাপী হিন্দু ধর্মের নাম সংকীর্তন অনুষ্ঠানের গতকাল শেষ দিনের অনুষ্ঠানের শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় ধরে একা একা ঘুরছিলো ছোট্ট শিশু মিথিলা। পরে স্থানীয়রা শিশুটিকে হেফাজতে নিয়ে তার স্বজনের সন্ধান করেন। কিন্তু শেষ পর্যন্ত না পেয়ে বিকেল ৩ টার দিকে তারা গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে শিশুটিকে নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে দেয় পুলিশ। একই সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহ বিভিন্ন মাধ্যমে শিশুটির পরিবারের সন্ধান শুরু করেন। কপালে বিশেষ চিহ্নের কারণে ধারণা করা হচ্ছিলো শিশুটি হিন্দু পরিবারের।

মাসুম বিল্লাহ/গাইবান্ধা