ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া এলাকার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুমিন মিয়া (৩০) ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের প্রয়াত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মুসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)। গুরুতর আহত আব্দুর রাজ্জাককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হুমায়ুন কবির বাড়ি ফিরে গেছেন।
স্থানীয় বাসিন্দা মোনায়েম আকন্দ ও আল মামুন জানান, শনিবার বিকেলে মুমিন মিয়া ও আব্দুর রাজ্জাক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হুমায়ুন কবির বাজারে যাওয়ার পথে সেখানে পৌঁছান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনজনই দৌড়ে পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মুমিন মিয়ার মৃত্যু হয়। আহত হন আব্দুর রাজ্জাক ও হুমায়ুন কবির।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিন মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মুমিন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং হুমায়ুন কবির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই ঘটনায় আহত দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
সাখাওয়াত সুমন/এমটিআই
