বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ

মাদরাসা শিক্ষকের মারধরে শিক্ষার্থীর মেরুদণ্ডের হাড় ভাঙার অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পড়া না পারার অজুহাতে এক মাদরাসা শিক্ষার্থীকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। মারধরের ঘটনায় শিশুটির মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) শিশুটির পরিবার থানায় এ লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর আগে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।

ভুক্তভোগী আঁখি আক্তার (৯) শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদরাসার শিক্ষক মো. সাফায়েত পড়া না পারার অজুহাতে আঁখিকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে শিশুটিকে আরও মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়।

ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। তবে পরে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আঁখি মারধরের ঘটনার বিস্তারিত জানায়।

পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন বলেন, ঘটনার বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষক মো. তোফাজ্জলের কাছে অভিযোগ করা হলে তিনি বিষয়টি চেপে যাওয়ার কথা বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বিকেল ঢাকা পোস্টকে বলেন বলেন, প্রাথমিক একটি অভিযোগ পেয়েছি। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয় করে অভিযোগের বিষয়টি তদন্ত করছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব. ম শামীম/আরকে

বিজ্ঞাপন