জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় দেন।
জয়পুরহাট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আহসান হাবীব চপল বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে। নিহত ছোট ভাইয়ের নাম সিদ্ধেশ্বর দাস। তিনি পেশায় কামার ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড় ভাই অশোকের সঙ্গে সিদ্ধেশ্বরের জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় বড় ভাই অশোক সেখানে এসে ভারী হাতুড়ি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে থামানোর চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।
চম্পক কুমার/এসএইচএ
