বিজ্ঞাপন

তিস্তার ভাঙনে গঙ্গাচড়ায় ১২ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত, ডিসিকে স্মারকলিপি

তিস্তার ভাঙনে গঙ্গাচড়ায় ১২ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত, ডিসিকে স্মারকলিপি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও বাঁধ রক্ষাসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার নোহালী ইউনিয়ন থেকে আসা ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হন। পরে তারা জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তিস্তার ভাঙনে নোহালী ইউনিয়নের চর বাগডোহরার ১২ কিলোমিটার দৈর্ঘ্যের ৭টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, অসুস্থ মানুষেরা চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় জরুরি চিকিৎসাসেবা ও কৃষি পণ্য পরিবহন থমকে গেছে। 

এছাড়া বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসী একটি প্রতিরোধ বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু তিস্তার ভাঙনে সেই বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। এটি পুরোপুরি ভেঙে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে সর্বস্ব হারাবে। 

স্মারকলিপিতে এলাকাবাসী ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিকে জিও ব্যাগ ফেলানো ও পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন চর বাগডোহরার বাসিন্দা আল আমিন মিয়া, ইসমাইল হোসেন, মোনাইম হোসেন, মুকুল মিয়াসহ বিভিন্ন পেশার মানুষজন।

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ