ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টি থেকে বাঁচতে একটি চায়ের দোকানে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। হঠাৎ দোকানটির ওপর বজ্রপাত হলে দোকানদারসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুষারিগাঁও বলগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষারিগাঁও বলগাঁ এলাকার মহেন চন্দ্রের (টিহাকু) স্ত্রী শাস্তি রাণী (৫০) এবং মৃত বেহারু রায়ের ছেলে শুহি রাম রায় (৫০)। আহতরা হলেন- একই এলাকার টেপরা ও শালন চন্দ্র।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেলে শুরু হয় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। এ সময় বৃষ্টি থেকে রক্ষা পেতে কয়েকজন স্থানীয় একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তারা দোকানে অবস্থানকালে হঠাৎ বিকট শব্দে সেখানে বজ্রপাত হয়। এতে মুহূর্তেই ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাস্তি রাণী ও শুহি রাম রায়কে মৃত ঘোষণা করেন। আহত অপর ২ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, বৃষ্টির সময় চায়ের দোকানে অবস্থানরত কয়েকজনের ওপর বজ্রপাত হলে ২ জনের মৃত্যু হয় এবং আরও ২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
রেদওয়ান মিলন/এমএমবি
