ফরিদপুরের ভাঙ্গায় ‘দশমিনা এক্সপ্রেস’ নামের একটি বাস ৫২ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে গেছে। এতে বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল চারটার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ডের ১০০ মিটার দক্ষিণে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যাক্ষদর্শীরা জানান, গাড়িটি খাদে পড়ার আগে কয়েকবার বাউলি দেয়। চালক গাড়িটি নিয়ন্ত্রণ করার জন্য বাসটি সড়কের বাম পাশে একটি গাছে ঠেকাতে চাইলে মুহূর্তের মধ্যে বাসটি গাছ ভেঙে খাদের পানিতে পড়ে যায়।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী পরিবহনের ওই বাসটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশের খাদের পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা পানির মধ্যে গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক আয়েশা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় ২১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, বাসের আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর সহযোগীসহ বাসের চালক পালিয়ে গেছেন।
জহির হোসেন/এসএইচএ
