বিজ্ঞাপন

খুলনায় অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

খুলনায় অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী আটক

খুলনার লবণচরায় অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। রোববার (২ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ জেলার বকুলতলা উপজেলার বাসিন্দা তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) ও বরগুনা জেলার বেতাগি উপজেলার বাসিন্দা আমজাদ ব্যাপারীর ছেলে মো. নান্না ব্যাপারী (৫৭)।

র‌্যার প্রেরিত প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব লবণচরা থানার রায়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তারা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানির তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এসময় নান্না ব্যাপারীর বসতঘর তল্লাশি করে সুজন ও ইলিয়াজ সরদারের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও এক লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

তাদের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ পিরোজপুর ও বরগুনা জেলায় হত্যাচেষ্টা, মাদক ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তীতে তাদের লবনচরা থানায় হস্তান্তর করা হয়।

মোহাম্মদ মিলন/এসএইচএ