খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা বিভাগীয় স্বাস্থ পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, বাগেরহাটে ৩৫ জন, যশোরে ১২ জন, মাগুরায় ২ জন, মেহেরপুরে ২ জন, নড়াইলে ১ জন এবং সাতক্ষীরায় ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৯৩৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮১ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২৪ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে খুলনা বিভাগে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং বাগেরহাটে এক জন মারা গেছেন।
মোহাম্মদ মিলন/এসএইচএ
