বিজ্ঞাপন

বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় নয় : মীর শাহে আলম

বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় নয় : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সমালোচনা কিংবা বিরোধিতা করে বগুড়ার উন্নয়ন ঠেকানো যাবে না। জেলার জন্য নতুন নতুন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প আনতে আমিসহ জেলার ৭ জন সংসদ সদস্য একসঙ্গে কাজ করছি।

রোববার (২ আগস্ট) দুপুরে বগুড়ায় তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, যতই সমালোচনা করুন, সংসদে কিংবা সংসদের বাইরে বলুন, আমি এবং বগুড়ার ৭ জন সংসদ সদস্য বগুড়ার উন্নয়নের ব্যাপারে এক বিন্দুও ছাড় দিতে রাজি নই।

তিনি বলেন, বর্তমানে বগুড়ায় কোনো উন্নয়নমূলক উদ্যোগ নিলেই অনেকে মনে করেন, সবকিছুই বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। বাস্তবে বিষয়টি তা নয়। দেশের সব জেলাতেই উন্নয়ন হচ্ছে। তবে বগুড়ার উন্নয়ন বেশি আলোচনায় আসায় এমন ধারণা তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জোন অফিস বগুড়ায় অনুমোদনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, আগে এ অঞ্চলের মানুষকে রংপুরে যেতে হতো। এখন জোন অফিস বগুড়ায় অনুমোদন হয়েছে।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, রাজশাহী আমাদের বিভাগ, সেটি আমাদের গর্ব। কিন্তু নেসকোর প্রধান কার্যালয় যদি বগুড়ায় আসে, তাতে আপত্তি কেন? বগুড়ায় হেড অফিস হোক, আপনারা জোন অফিস নিন।

বগুড়ায় ফুটবল স্টেডিয়াম না থাকার বিষয়টি উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে বগুড়াই একমাত্র জেলা, যেখানে কোনো ফুটবল স্টেডিয়াম নেই। এটি দুঃখজনক। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শহরের তিনমাথা এলাকায় একটি বহুমুখী স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

বক্তব্যের শেষদিকে প্রতিমন্ত্রী বলেন, আমি আর বক্তব্য বাড়াব না। যত বলব, ততই বগুড়ার উন্নয়নের কথা আসবে, আর লেখালেখিও বেশি হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আব্দুল মোমিন/এমএমবি

বিজ্ঞাপন