বিজ্ঞাপন

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের আশরাফুলের জীবন প্রদীপ

পুকুরে ডুবে নিভে গেল দুই বছরের আশরাফুলের জীবন প্রদীপ

ফেনীর পরশুরামে পুকুরের পানিতে ডুবে মো. আশরাফুল ইসলাম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উত্তর কেতরাঙ্গা গ্রামের গুথুমা খান বাহাদুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজাদ হোসেনের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে পরিবারের সদস্যরা নামাজ ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে আশরাফুল বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ ভৌমিক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তারেক চৌধুরী/এমটিআই