বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বসতবাড়ির আঙিনায় প্রায় ১২ ফুট উঁচু একটি গাঁজা গাছ চাষের অভিযোগে সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বাড়ি থেকে গাঁজা গাছটি জব্দ করা হয়।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম গাবতলী উপজেলার আকন্দপাড়া, নয়াপাড়া গ্রামের ফরিদ ফকিরের ছেলে।
রোববার (২ আগস্ট) রাত ৯টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) জিললুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিরাজুল ইসলামের বসতবাড়ির উত্তর পাশের আঙিনা তল্লাশি করে প্রায় ১২ ফুট উঁচু একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক, সামসুল আলম।
ডিএনসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
আব্দুল মোমিন/এমটিআই
