বিজ্ঞাপন

আড়াইহাজারে জেলের জালে উঠলো পুলিশের লুট হওয়া শটগান

আড়াইহাজারে জেলের জালে উঠলো পুলিশের লুট হওয়া শটগান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জেলের জালে পুলিশের লুট হওয়া একটি শটগান উঠে এসেছে। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে-  এটি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শটগান জালে উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং প্রায় দুই বছর ধরে সেখানে পড়ে ছিল- সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি জানান, অস্ত্রটি উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া অন্য অস্ত্র উদ্ধারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

মেহেদী হাসান সৈকত/আরএআর