বিজ্ঞাপন

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে চোর নিহত

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকানের মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।‎

উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় ‎রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

‎নিহত ব্যক্তির নাম সুমন (৩২)। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হবিবুল ইসলামের মুদি দোকানে চুরির উদ্দেশে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই বাড়ি হওয়ায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে এসে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।‎ ‎আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‎পরে স্থানীয় বাসিন্দারা আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসাধীন।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এএমকে