বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া চার লেন মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের এক সহকারী (হেলপার) ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী।
এরআগে, রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। নয়ন যমুনা লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকায় একটি পাথরবোঝাই ট্রাক দুই দিন আগে সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুদুর রহমান নিহত হন। এছাড়া বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, বাসটির বাম পাশ ট্রাকের পেছনে আঘাত করে। ওই সময় বাসের বাম পাশে হেলপার ও একজন যাত্রী বসে ছিলেন। তারাই ঘটনাস্থলে মারা যান। অন্যরা সামান্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইয়ুব আলী বলেন, মহাসড়কে বিকল যানবাহন রেখে দেওয়ার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে এ ধরনের ঝুঁকি এড়াতে পুলিশও আরও তৎপর ভূমিকা পালন করবে।
আব্দুল মোমিন/এসএইচএ
