ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক পরীক্ষার ফল নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’। এর মাধ্যমে বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষাগারটি ময়মনসিংহ বিভাগের চার জেলা- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় পরিচালিত হবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাৎক্ষণিক পরীক্ষা করা হবে। এতে খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক বা নিম্নমানের উপাদানের উপস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণও সহজ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের অন্যতম বিশেষ সুবিধা হলো সাধারণ ভোক্তারাও নিজেদের আনা খাদ্য নমুনা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাতে পারবেন। এর ফলে মানুষ সহজেই খাদ্যের মান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং নিরাপদ খাদ্য গ্রহণে আরও সচেতন হবেন।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রাম্যমাণ এই পরীক্ষাগার ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযানকে আরও কার্যকর করবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান, উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাখাওয়াত সুমন/এসএইচএ
