মানিকগঞ্জে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের মানিকগঞ্জ সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ।
রোববার (২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
আটক পুলিশ সদস্যের নাম তারেক। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত এবং পুলিশের কিলো/ওয়ান গাড়ি চালান বলে জানা গেছে। তার সঙ্গে আরও দুজনকে আটক করেন স্থানীয় সাধারণ জনগণ।
আটক বাকি দুইজন হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং অপরজন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।
স্থানীয়দের অভিযোগ, মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে বসে পুলিশ কনস্টেবলসহ মোট ৬ জন জুয়া খেলছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এসময় ৩ জন দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে এলাকাবাসী। পরবর্তীতে তাদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এসএইচএ
