মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়ক এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এনএসআই’র তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে প্রাশসন। লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধন ছাড়া ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে মেশিনে রোগী পরীক্ষা করার দায়ে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার বলেন, অভিযানের সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাসান মাহমুদ শাকিল/এমএমবি
