রংপুরের কাউনিয়ায় এক অভিযানে শতাধিকের বেশি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ মজনু মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজনু মিয়া চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মজনু মিয়ার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকায় অভিযান চালিয়ে মজনু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে
