ঢাকা পোস্টে খোলা আকাশের নিচে পাঠদানের সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ের দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে একটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) ওই শ্রেণিকক্ষের উদ্বোধন করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ ও টিফিন বক্স তুলে দেওয়া হয়।
এরআগে, ২ জুলাই ঢাকা পোস্টে ‘বিদ্যালয়ের ভবনে ফাটল, গাছতলায় চলছে পাঠদান’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিদ্যালয়টির বিষয়ে প্রশাসনের নজর পড়ে। শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়।
সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আগে যেখানে গাছের নিচে ও খোলা মাঠে বসে পাঠ নিতে হতো, সেখানে এখন অস্থায়ী শ্রেণিকক্ষে ক্লাস চলছে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলে, আগে রোদে আর বৃষ্টিতে খুব কষ্ট করে ক্লাস করতে হতো। এখন ক্লাসরুমে বসে পড়তে পারছি। খুব ভালো লাগছে।
একই শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক বলে, বাইরে বসে ঠিকমতো পড়া হতো না। এখন অনেক সুবিধা হচ্ছে। তবে আমরা দ্রুত একটি নতুন স্থায়ী ভবন চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ হওয়ায় আপাতত নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হবে। তবে এটি সাময়িক ব্যবস্থা। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত একটি নতুন স্থায়ী ভবন নির্মাণ জরুরি।
জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠানো হবে। শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন (দিপু), পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
নুর হাসান/এসএইচএ
