ফরিদপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র, নারী ও পুরুষসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে বিকেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সোয়াদ মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী।
নিহত সোয়াদ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মোল্লার ছেলে। সে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্কুল ছুটির পর সোয়াদ তার দুই বন্ধু তামিম ও শাওনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। বিকেলে শহর থেকে ফেরার পথে কানাইপুরের একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সোয়াদ।
পরে স্থানীয়রা আহত তামিম ও শাওনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন ঘটনাস্থলেই মারা যায়। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, একই মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আমেনা বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মাঝকান্দি এলাকার মৃত এলাহি শেখের স্ত্রী।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আব্দুস সালাম জানান, অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, ফরিদপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা আনোয়ার মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত আনোয়ার মিয়া আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/এসএইচএ
