দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রথম দিনে ১০ ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম চালু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
আমদানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হবে।
আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। মঙ্গলবার থেকেই বাজারে এর প্রভাব পড়বে এবং কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে আশা করছেন তিনি।
ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত সেগুলো দেশের বিভিন্ন বাজারে পাঠানো হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় দেশে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় গত ১৫ দিনে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় উঠেছে।
সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, দীর্ঘদিন পর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে শিগগিরই কাঁচা মরিচের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ইব্রাহিম খলিল/এসএইচএ
