গাইবান্ধায় নতুন সাপকে খেলার প্রশিক্ষণের সময় সেই সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। আজমঙ্গলবার স্থানীয় একটি বাজারে এই সাপটি দিয়ে খেলা দেখানোর পরিকল্পনা ছিলো সাপুড়ে ঘুটুর।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম। রাত সাড়ে ১১ টার দিকে ওই সাপুড়েকে হসপিটালে আনা হয়েছিলো।
নিহত সাপুড়ে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন এবং সাম্প্রতিক সময়ে তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত পাতা খেলা উপলক্ষে আজ বিকেলে কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন আজাদুল ইসলাম। পরে নতুন ধরে আনা সাপটিকে প্রদর্শনের জন্য খেলার প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন। প্রশিক্ষণের একপর্যায়ে সাপটি হঠাৎ তাকে দংশন করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরে এ বিষ নামানোর জন্য জয়পুর হাটের কালাইয়ের শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে রাত সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাপে কাটা ওই রোগীকে হাসপাতালে আনার অনেক আগে তার মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় তাকে হাসপাতলে আনা হয়েছিলো।
নিহতের পরিবারের বরাতে এ চিকিৎসক জানান, বিকেলে সাপে কামড়ের পর রোগীকে প্রথমে জয়পুর হাটের এক ওঝার কাছে নেওয়া হয়। পরে সেখান থেকে হসপিটালে আনা হয় রাত সাড়ে ১১টার দিকে। সাপে কামড়ের রোগীকে দংশনের সাথে সাথেই হাসপাতালে নেওয়া উচিৎ বলেও জানান তিনি।
মাসুম বিল্লাহ/গাইবান্ধা
