বিজ্ঞাপন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতাল ভবনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, হাসপাতালের পশ্চিম পাশে গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সটিতে আগুন দাউ দাউ করে জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশে বিভিন্ন আকারের কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। এতে অগ্নিকাণ্ডের সময় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) জানান, অক্সিজেন সিলিন্ডার থাকায় পরিস্থিতি বিবেচনা করে আগুন নেভাতে পানির পরিবর্তে বিশেষ ফোম ব্যবহার করা হয়। ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, এর ভেতরে থাকা কয়েকটি ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো-ছ-৭১-৩০০।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি

ইব্রাহিম খলিল/এমটিআই

বিজ্ঞাপন