চুয়াডাঙ্গার জীবননগরে লাইসেন্স ছাড়াই এবং মিথ্যা তথ্য দিয়ে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করা হয়। এ সময় ‘হেনা কনজুমার প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানে যথাযথ লাইসেন্স ছাড়া এবং মিথ্যা তথ্য ব্যবহার করে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার সত্যতা পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানের মালিক মো. মাসুদ রানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য বৈধ কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশনা প্রদান করেন।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, অনুমোদন ও লাইসেন্স ছাড়া টয়লেট্রিজ বা ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড শুধু আইন লঙ্ঘনই নয়, এটি ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
আফজালুল হক/এমটিআই
