বিজ্ঞাপন

ঘিওরে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

ঘিওরে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জের ঘিওর থানায় দায়ের করা বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিকে আদালত প্রাঙ্গণে নেওয়ার সময় ওই আসামিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন উপস্থিত কয়েকজন, যা নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে নেওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত উৎসুক জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এঘটনার পরে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এসময় উৎসুক জনতা রফিকের দুই গালে, জুতা মারো তালে তালে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রফিকের ফাঁসি চাই এইসব স্লোগান দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘিওর থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার আসামি কাজী রফিকুল ইসলামকে (৫৮) ঢাকা মহানগরের সিদ্ধেশ্বরী এলাকা থেকে সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের নকীববাড়ী এলাকার বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই)  মো. মোক্তার হোসেন বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং  উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ওপর হামলা চালায়। এতে সকলেই গুরুতরভাবে আহত হন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি আংশিক স্বীকার করলেও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন। তাই ঘটনার মূল রহস্য উদঘাটন, অন্যান্য জড়িত আসামীদের শনাক্তকরণ এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ বিষয়ে আদালতের কাছে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

আরকে