কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সিএনজিচালিত অটোরিকশার একটি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধারকাজে যাচ্ছিল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছে পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন।
এ সময় পেছন থেকে আসা ধানের তুষ বোঝাই একটি ট্রাক একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচে চাপা পড়া পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া নেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
সাখাওয়াত হোসেন হৃদয়/এমএমবি
