রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের ‘ঝ’ বগির চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরবর্তীতে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ট্রেন লাইনচ্যুতের ঘটনায় পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর লাইনচ্যুতির প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে রেলওয়ের কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, লাইনচ্যুতির কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে কতটুকু হয়েছে, সেটি ট্রেন চলাচলের পরে জানা যাবে। উদ্ধার কাজ শেষ পর্যায়ে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।
শাহিনুল আশিক/এমএমবি
