বিজ্ঞাপন

চুরি হওয়া নৌকা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চুরি হওয়া নৌকা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের ভৈরবে চুরি হওয়া একটি স্টিলের নৌকা খোঁজার বিষয়কে কেন্দ্র করে তর্কের জেরে ছুরিকাঘাতে সাদ্দাত মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) রাতে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাত মিয়া লক্ষ্মীপুর এলাকার মো. আরমান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোসল করতে বাসা থেকে বের হন সাদ্দাত। পথে স্থানীয় আনার মিয়ার সঙ্গে তার দেখা হয়। এ সময় মামার চুরি হওয়া একটি স্টিলের নৌকার বিষয়ে জানতে চাইলে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, এ সময় আনার মিয়া ধারালো অস্ত্র দিয়ে সাদ্দাতের গলা, বুক ও পেটে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের খালা শারমিন বেগমের দাবি, আনার মিয়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আগেও একাধিক হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মামার চুরি হওয়া নৌকার বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে সাদ্দাত মিয়া নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এসএইচএ