নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১২টায় রংপুর জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে দুপুর ২টা ৩০ মিনিটে নীলফামারী ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন।
জানা যায়, জেলা যুবলীগ নেতার মা রওশন আরা গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ দুপুর ১২টায় প্যারোলে মুক্তি পেয়ে ৫ ঘণ্টার জন্য পুলিশি নিরাপত্তায় ছুটে আসেন মায়ের জানাজায়। পরে শহরের ডাকবাংলো সার্কিট হাউজ ঈদগাহ মাঠে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে জানাজা শেষে তাকে রংপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বলেন, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে তাকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। শহরজুড়ে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার এ এস এম কামরুল হুদার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুটি হত্যাসহ পাঁচটি মামলার আসামি যুবলীগ নেতা শাহিদ মাহমুদ ৷ ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর ধাপ লালকুঠির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
