জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শিবলুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মাদারগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক আরফাতুল ইসলাম এ আদেশ দেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো শিবলুল হাসান মাদারগঞ্জ শহর যুবলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি পূজাঘাটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৩ আগস্ট) দিবাগত মধ্যরাতে মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল পূজাঘাটি এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যায় মাদারগঞ্জ মডেল থানায় পুলিশ। আটক ওই যুবলীগ নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিলো না। পরবর্তীতে তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়। এরপর আদালত আজ বিকেলে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতে যুবলীগ নেতা শিবলুল হাসানকে আটক করা থানায় আনা হয়। আজ নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাঁধন হোসেন/এমএমবি
