বিজ্ঞাপন

দিনমজুরকে রাতভর আটকে ২ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

দিনমজুরকে রাতভর আটকে ২ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক দিনমজুরকে রাতভর আটকে রেখে নির্যাতন এবং দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের এক সাবেক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিআইখোলা মোড় এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ জানায়, বিকেলে ভুক্তভোগী রফিকুল ইসলাম (২৫) সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে অপহরণসদৃশভাবে আটকে রাখা, মারধর ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ (২৬), রমজান আলী (২৩), আল আমিন (২২), গোলাম কিবরিয়া জয় (২১), রবিউল ইসলাম (২৪), জাহাঙ্গীর (২৩) ও আরমান (২২)। এ মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নেত্রকোণার বাসিন্দা রফিকুল ইসলাম জীবিকার তাগিদে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে সিআইখোলা বউবাজার এলাকা থেকে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। পরে একটি দোকানঘরে আটকে রেখে রাতভর মারধর করা হয় এবং মুক্তির শর্ত হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা অস্ত্রের ভয় দেখিয়ে রফিকুলকে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা জোগাড় করতে বাধ্য করার চেষ্টা করে। তাদের নির্দেশে মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি তার চাচা হাদিস মিয়াকে ফোন করেন। বিষয়টি জানতে পেরে হাদিস মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালায়। দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে রফিকুলকে উদ্ধার করা হয় এবং সাতজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেদী হাসান সৈকত/এসএইচএ