ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি দিয়ে চাঁদা তোলার সময় সৃষ্ট দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর পর পুলিশি হেফাজতে নেওয়া সেই আলোচিত হাতিটি অবশেষে আদালতের আদেশে তার মালিকের কাছে ফিরে যাচ্ছে। দীর্ঘ এক সপ্তাহ থানা চত্বরে বিশেষ ব্যবস্থাপনায় থাকার পর মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত আদালতের নির্দেশনা হাতে পায় পুলিশ।
এর আগে গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় সড়কে হাতি দিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়ানোর চেষ্টায় একটি ইজিবাইক উল্টে যায়। এ ঘটনায় মায়ের কোলে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হাতি ও মাহুতকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
পরদিন পুলিশ আটক মাহুত বকুল মিয়াকে (২৪) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। একই সঙ্গে হাতিটি মালিকের জিম্মায় দেওয়া হবে নাকি বন বিভাগে হস্তান্তর করা হবে—তা নির্ধারণের জন্য আদালতের শরণাপন্ন হয় সদরপুর থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আদালত হাতিটি তার প্রকৃত মালিক ব্যবসায়ী দুলাল দেওয়ানের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। নওগাঁর বাসিন্দা দুলাল দেওয়ান সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দিয়ে থাকেন।
গত সাত দিন ধরে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছিল। মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার (১৮) নামের আরেক মাহুতকে থানায় পাঠানো হয়, যিনি প্রতিদিন হাতিটিকে গোসল করানো, খাওয়ানো ও পরিচর্যার দায়িত্ব পালন করছিলেন।
তবে থানায় একটি বিশাল আকৃতির প্রাণীর থাকা ও এর খাদ্য জোগাড় করতে বেশ হিমশিম খেতে হয়েছে পুলিশকে। কলাগাছ, ঘাসসহ বিপুল পরিমাণ খাবারের জোগান দিতে গিয়ে পুলিশ ও মাহুতদের প্রতিনিয়ত বেগ পেতে হয়। থানা প্রাঙ্গণে স্থায়ী ব্যবস্থা না থাকায় স্থানীয়দের সহায়তা ও মালিকের পাঠানো সামান্য সহযোগিতায় খাবারের ব্যবস্থা করা হয়।
এদিকে, গত এক সপ্তাহ ধরে থানা চত্বরে হাতিটির অবাধ বিচরণ আর উৎসুক জনতার ভিড় ছিল নিত্যদিনের দৃশ্য। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ হাতিটিকে দেখতে থানায় ভিড় করেন। কেউ কেউ মুঠোফোনে বন্দি করেন সেই দৃশ্য। থানার ভেতরে এমন অতিথি থাকায় স্থানীয়দের মাঝেও তৈরি হয়েছিল ভিন্ন এক কৌতূহল।
এ ব্যাপারে হাতিটির বর্তমান তত্ত্বাবধায়ক নাজমুল সরদার (১৮) বলেন, পুলিশ হাতিটিকে আমার হাতে বুঝিয়ে দিলেই এটি নিয়ে আমি মালিকের কাছে চকে যাব।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, মঙ্গলবার বিকেলে আদালতের আদেশের কপি হাতে পেয়েছি। আদালত হাতিটি তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই হাতিটি মালিকের জিম্মায় হস্তান্তর করা হবে।
জহির হোসেন/এসএইচএ
