বিজ্ঞাপন

টাঙ্গুয়ার হাওরে অভিযান

প্রশাসনের নির্দেশ অমান্য করায় ৬ হাউসবোটকে জরিমানা

প্রশাসনের নির্দেশ অমান্য করায় ৬ হাউসবোটকে জরিমানা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউসবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২ আগস্ট টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ নিষিদ্ধসহ পরিবেশ সংরক্ষণে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। কিন্তু মঙ্গলবার ওই নির্দেশনা অমান্য করে বেশ কয়েকটি হাউসবোট ইসিএ এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানের পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণরত হাউসবোটের মালিক, চালক ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা অমান্য করে ইসিএ এলাকায় প্রবেশ করায় ছয়টি হাউসবোটকে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তামিম রায়হান/এএমকে