বিজ্ঞাপন

কনটেন্টের নামে কিশোরকে নির্যাতন, ‘চোর’ বানিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ

কনটেন্টের নামে কিশোরকে নির্যাতন, ‘চোর’ বানিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে এক নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ হিসেবে উপস্থাপন করে ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে চানাচুর বিক্রেতা এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত চানাচুর বিক্রেতা হকার সুজনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের হাটখোলা এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওই কিশোর। ছেলেটির বাবা ছিলেন ব্যাংক কর্মকর্তা ও মা উচ্চ শিক্ষিত ছিলেন। কয়েক বছর আগে তার মা স্ট্রোক করে মারা যান এবং পরবর্তীতে তার বাবাও মারা যায়। বর্তমানে সে বৈমাত্রেয় মা ও আত্মীয় স্বজনদের তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করছে। ওই কিশোর সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

সম্প্রতি সে এক প্রতিবন্ধী কিশোরের সঙ্গে ট্রেনে উপজেলার শহীদনগর স্টেশন থেকে ইব্রাহীমাবাদ রেল স্টেশনে ভ্রমণে যায়। এ সময় ট্রেনে চানাচুর বিক্রেতা সুজনের সাথে পূর্ব পরিচয় থাকার সুবাদে ওই কিশোরকে ব্যবহার করে একটি ভিডিও কনটেন্ট তৈরি করে। ভিডিওটিতে কিশোরকে মারধর করে টাকা চোর হিসেবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিষয়টি স্থানীয়দের নজরে আসলে সহজ-সরল কিশোর ছেলেকে চোর বানিয়ে ভিডিও তৈরির অপরাধে হকার সুজনকে গ্রেপ্তারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠে। এছাড়াও ভিডিও ধারণের সময় কিশোরকে শারীরিকভাবে নির্যাতন ও তাকে মারধর করা হয়। এতে তার ঠোঁট ফেটে ক্ষত ও রক্ত ঝড়তে দেখা যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। ঘটনাটি যেহেতু ট্রেনে তাই বিষয়টি আমাদের আওতায় নয়। এটা রেলওয়ে পুলিশ বলতে পারবে।  

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি জানার পর ঘটনাটি কবে, কোন ট্রেনে ও কোন জায়গায় ঘটেছে তা অনুসন্ধানের জন্য কাজ চলছে।

বাঁধন হোসেন/এসএইচএ